জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু মো. আসিমুল এহসান এই রায় ঘোষণা করেন। দণ্ডিত বছির উদ্দিন বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, প্রেমের সম্পর্কের জেরে ২০১৫ সালের ১০ জুন বিয়ের প্রলোভনে রেখা খাতুনকে ধর্ষণ করে আসামি। ঘটনার ১৫ দিন পর ভুক্তভোগী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।