চায়না শেখ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল রাতে ও দিনে ফসলি জমি কেটে ঘের তৈরীর পায়তারা করছে। এ বিষয় নিয়ে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার সকালে এই বিক্ষোভ ও প্রতিবাদ আয়োজন করা হয়।
ইউপি সদস্য মো. দেলোয়ার আকন জানান, সম্প্রতি রাতের আধারে বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের ওই প্রভাবশালী মহল ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে। এ সংবাদ রাতেই গ্রামের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন কয়েকশ কৃষক মাটি কাটা বন্ধ করতে জমিতে আসেন।
এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডাসার থানা পুলিশ সংবাদ পেয়ে রাতেই ফসলি জমির মাটি কাটা বন্ধ করে দেয়। কয়েক দিন মাটি কাটা বন্ধ থাকলেও নতুন করে আবার মাটি কাটার পায়তারা করছে এ প্রভাবশালী মহলটি। এ ঘটনায় সোমবার সকালে স্থানীয় কৃষকরা বাঘরিয়া গ্রামের ফসলি জমির মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ কারর জন্য বিক্ষোভ করে।
গ্রামের বাসিন্দা মোকছেদ সরদার বলেন, ফসলি জমি জোর করে মাটি কেটে ঘের বানাতে চাচ্ছে ওই মহল। ঘের বানালে আমাদের সমস্ত জমিগুলো পানিতে তলিয়ে ফসল পচে যাবে। আমরা মারা পড়বো।
কৃষক ছোলেমান খা বলেন, আমরা কৃষিকাজ করে খাই। আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ফসলি জমি নষ্ট হলে পথে বসতে হবে। সরকারের কাছে আমরা মাটি কাটা বন্ধের দাবি জানাই।
ইউপি সদস্য মো. দেলোয়ার আকন বলেন, তারা টাকার জোরে শত শত কৃষকের ক্ষতি করার চেষ্ঠা করছে। আমি এর প্রতিবাদ জানাই।
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি। তবে তার চাচা বলেছেন, আমাদের জমিতে আমরা মাটি কাটি ওদের কি?
বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে। ইউএনও স্যারের মাধ্যমে এ ঘটনার মিমাংসা করার চেষ্ঠা করা হবে।